পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত **‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিস অনুমোদন পেয়েছে**


পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত **‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিস অনুমোদন পেয়েছে**

বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রস্তাবিত সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি’ (বা ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’)-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, সেনা কল্যাণ ভবনের ১৭ তলায় মোট ২,৩৩৬ বর্গফুট জায়গা রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ জায়গা বরাদ্দের অনুমোদন দেন। এখান থেকেই ভবিষ্যতে ব্যাংকের মূল কার্যক্রম পরিচালিত হবে।

চেয়ারম্যান নিয়োগ নিয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নানকে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বিবেচনা করা হলেও এটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষমাণ।

একীভূতকরণের ফলে ইউনাইটেড ইসলামী ব্যাংকের শাখা সংখ্যা দাঁড়াবে ৭৬০। একইসঙ্গে পাঁচ ব্যাংকের বর্তমান কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা আগের মতো সেবা পাবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং শাখা একীভূতকরণের কারণে গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি একদিকে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করবে, অন্যদিকে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেও ভূমিকা রাখবে।

তবে শেয়ারহোল্ডারদের স্বার্থরক্ষা, ব্যবস্থাপনা কাঠামো গঠন এবং প্রযুক্তিগত সমন্বয় সংক্রান্ত বিষয়গুলো এখনো সমাধানের পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনাইটেড ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে আরও কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শেষ করতে হবে। সবকিছু সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।

Comments